২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাঁচ লাখ সরকারি চাকরি, ক্রীড়া ভাতা ও নতুন উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

সরকারি খাতে বড় পরিসরে নিয়োগসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি বলেন, সরকার মোট পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, সারা দেশে খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় নির্দিষ্ট পরিমাণ জমিতে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং দেশে পেপাল চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালুর কথাও জানান তিনি। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পেয়েছেন।

এছাড়া বিদেশে পড়াশোনার সুযোগ সহজ করতে শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়ার আগেই ঋণ পাওয়ার সুবিধা সহজ করা হয়েছে বলে জানান তিনি।

সরকারের এসব উদ্যোগ দেশের কর্মসংস্থান, ক্রীড়া ও শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top