২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুঠিয়ায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, আটক যুবক পুলিশের হেফাজতে

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেন জুয়েল। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাইনুল দোকানে এসে ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে জুয়েলকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্ত মাইনুলকে আটক করে বাজারের সামনে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ফরিদুল ইসলাম, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য ওই দোকানে গিয়েছিলেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top