নিজস্ব প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক নারী শিক্ষককে জুতা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা কেন্দ্র ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী নারী প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতা দিয়ে আঘাত করেন।
এ সময় অন্যান্য শিক্ষকরা বাধা দিতে গেলে তারাও হামলার শিকার হন। কলেজ কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন। আহতদের মধ্যে অধ্যক্ষ ও ওই নারী শিক্ষকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক শিক্ষক-শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় কেন্দ্র ত্যাগ করেন।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় হামলার শিকার হয়েছেন।
প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, অধ্যক্ষের পাশে দাঁড়ানোই তার অপরাধ ছিল। প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করা একজন শিক্ষক হিসেবে তার জন্য অপমানজনক।
অভিযোগ অস্বীকার করে আকবর আলী বলেন, পূর্বের দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয় এবং শিক্ষকদের পক্ষ থেকেই আগে হামলা করা হয়।
দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।