নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন। সফরকালে তিনি জেলার দুটি খাল পুনঃখনন প্রকল্প এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তার আগমনকে ঘিরে চাঁদপুর জুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার (১৫ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলার পক্ষ থেকে বেশ কিছু উন্নয়ন দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে রয়েছে—চাঁদপুরে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, মেঘনা নদীর তীরবর্তী ৬০ কিলোমিটার এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখা।
জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে একটি ইপিজেড স্থাপন করা সম্ভব। এটি বাস্তবায়িত হলে অন্তত দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং চাঁদপুরসহ আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চল নিয়ে কিছু মহল বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও প্রকল্পটি অনুমোদিত এবং এর কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপনও জেলার অন্যতম প্রধান দাবি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন। সফরের শেষদিকে চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপি ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।