আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
‘জুলাই জাতীয় সনদ’ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর এমন বার্তা তুলে ধরে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা।
রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়, আমবাগান, টিএসসি, প্রশাসনিক ভবন, কে আর মার্কেটসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব সহ শাখা ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে, তা কেবল একটি প্রচারণা নয় এটি নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনের দায়িত্ব সম্পর্কে জাগ্রত করার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, সচেতন তরুণ সমাজই আগামী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চাই একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে ছিল, আছে এবং থাকবে বলেও এসময় তিনি উল্লেখ করেন।