২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নজরুল গবেষণায় স্বীকৃতি: বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ড. রশিদুন্ নবী

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হচ্ছেন। আগামী ২৩ মে বিকাল ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা ড. রশিদুন্ নবী ১৯৮০ সাল থেকে নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করার পর ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।

কর্মজীবনে তিনি সংগীত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট এবং আইকিউএসি’র প্রতিষ্ঠাকালীন পরিচালকের দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা জীবনে তাঁকে একটি কঠিন সময়ও অতিক্রম করতে হয়। তৎকালীন সরকারের স্থানীয় সংসদ সদস্যের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অস্বীকৃতি জানানোয় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার লাভ করেন এবং প্রশাসন বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুলসংগীত শিল্পী ও সংগীত পরিচালক রশিদুন্ নবী সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক। নজরুল বিষয়ক গবেষণা, স্বরলিপি ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২০টিরও বেশি। এছাড়া বিভিন্ন গবেষণা জার্নাল ও গ্রন্থে তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এর আগে কবি নজরুল ইনস্টিটিউটের ‘নজরুল পুরস্কার ২০১৭’, বাংলাভিশন ফাউন্ডেশনের ‘কবি নজরুল স্মৃতি পদক ২০১৭’, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমির ‘নজরুল পুরস্কার ২০১৮’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক ২০২৫’সহ দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top