হরমুজ প্রণালি সংকট মোকাবিলায় ‘প্ল্যান বি’ প্রস্তুতের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে সম্ভাব্য সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো মিত্রদের সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

রুবিও বলেন, হরমুজ প্রণালিতে যদি নতুন করে সংঘাত বা সামরিক উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সুস্পষ্ট বিকল্প পরিকল্পনা থাকা জরুরি।

ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদর্শ পরিস্থিতিতে তেহরানের উচিত প্রণালিটি উন্মুক্ত রাখা। তবে ইরান যদি শেষ পর্যন্ত এ জলপথ খুলে দিতে অস্বীকৃতি জানায়, তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা নিয়েই এখন বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুতের প্রয়োজন দেখা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে এ বিষয়ে ন্যাটো জোট সরাসরি কোনো ভূমিকা নেবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট মন্তব্য করেননি।

চলমান কূটনৈতিক আলোচনার বিষয়েও কথা বলেন রুবিও। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিছু অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তবে তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top