নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে তিন চাকমা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরের কাছাকাছি স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই তিনজন আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতরা হলেন— ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)।
স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্ত এলাকায় যে স্থলমাইন পুঁতে রেখেছিল, সেটির বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র আরও জানায়, নিহতরা সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। তবে অন্য একটি সূত্রের দাবি, তারা চোরাই পণ্য ও মাদক আনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে সময় দুর্ঘটনার শিকার হন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় মরদেহ উদ্ধার ও পরিবহনে সময় লাগছে। ঘটনাস্থলে বিজিবি, স্থানীয় চৌকিদার এবং গ্রামবাসীরা উপস্থিত রয়েছেন।
এদিকে সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচলের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।