নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সোমবার (২৫ মে) ভোর থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। সবচেয়ে বেশি চাপ দেখা গেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল থেকেই মহাখালী বাসস্টেশনে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলগামী পরিবহণগুলোতে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাসে উঠতে দেখা গেছে। তবে টার্মিনালজুড়ে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন রয়েছে। কাউন্টার মাস্টাররা ব্যস্ত সময় পার করছেন। যেসব পরিবহণ অগ্রিম টিকিট বিক্রি করেছে, সেগুলোর কর্মীরা নির্ধারিত সময়ে যাত্রীদের বাসে তুলতে ব্যস্ত ছিলেন। অন্যদিকে কিছু বাসে সরাসরি যাত্রী তোলার কাজও চলছিল।
যাত্রীরা জানান, সরকারি ছুটি শুরু হওয়ায় আজ থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি, যা যাত্রীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।
জয়পুরহাটগামী সরকারি চাকরিজীবী মো. তালেবুর জানান, ট্রেনের টিকিট না পাওয়ায় বাসে বাড়ি ফিরছেন তিনি। যাত্রী বেশি হওয়ায় যাত্রায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে মনে করছেন তিনি।
কিশোরগঞ্জগামী বেসরকারি চাকরিজীবী হালিমা বেগম বলেন, এবার নির্ধারিত ভাড়াতেই টিকিট পেয়েছেন এবং কোনো ভোগান্তি ছাড়াই বাসের জন্য অপেক্ষা করছেন। গতবারের মতো অতিরিক্ত ভাড়া গুনতে হয়নি বলে জানান তিনি।
পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। একতা পরিবহণের কাউন্টার মাস্টার মো. ইলিয়াস জানান, অগ্রিম টিকিটধারীদের চাপ বেশি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনাও রয়েছে।
মহাখালী বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে টার্মিনালে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল রানা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় প্রায় দুই হাজারের বেশি বাস চলাচল করে। ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে পরিবহণ মালিক ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।