নিজস্ব প্রতিনিধি:
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দেয়।
এতে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।
গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী যাত্রী মোতালেব মিয়া জানান, ভোর রাতে বাস না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে উঠেছেন তিনি। সাধারণত দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে এবার সময় লেগেছে সাড়ে তিন ঘণ্টারও বেশি। মহাসড়কের পৌলি এলাকায় এসেও যানজটে আটকে আছেন বলে জানান তিনি।
আরেক যাত্রী নিলুফা বেগম বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা এলাকা পার হওয়ার পর থেকেই থেমে থেমে যানজটের মুখে পড়তে হচ্ছে। কিছু দূর এগোলেই আবার যানবাহন আটকে যাচ্ছে, ফলে যাত্রা অনেক কষ্টকর হয়ে উঠেছে।
যুবক মনোয়ার মিয়া জানান, কোনো বাসেই খালি আসন নেই, এমনকি দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে করে বাড়ির পথে রওনা হয়েছেন তিনি। কিন্তু সেখানেও যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সাময়িক জটলার সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি।