নিজস্ব প্রতিনিধি:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বার্তায় তাকে শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, “জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন।”
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর দুই সপ্তাহ পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউইয়র্কে সমবেত হবেন।
মঙ্গলবার অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে বিজয় অর্জন করেন। ভোটে অংশ নেওয়া ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে তিনি ৯৯টি ভোট পান, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৯১টি ভোট।
নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কোনো সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরতও থাকেনি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাফল্য। এটি বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থার প্রতিফলন।
আগামী সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন শুরু করবেন। তার নেতৃত্বে বৈশ্বিক শান্তি, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।