৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্ধ কক্ষে পর্যাপ্ত অক্সিজেনের অভাবই এই মর্মান্তিক মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণের পর আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা দিয়েছে। একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটিও বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখে।

এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা অনুসন্ধানের জন্য নিজস্ব তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের ওই কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top