জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তার বিজয় কোনো একক অর্জন নয়; এটি সরকারের পাশাপাশি দেশের কূটনৈতিক মহল এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি—দুই দায়িত্ব পালন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় চার দশক আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

ড. খলিলুর রহমান জানান, ওই সময় তিনি হুমায়ুন রশীদ চৌধুরীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন এবং কাছ থেকে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেছিলেন।

তিনি আরও বলেন, তখন আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট কিংবা দ্রুত যোগাযোগব্যবস্থা ছিল না। বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নের কারণে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

দুই পদে একসঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তার অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান ইউএনজিএ সভাপতি এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তবে রাজনৈতিক পরিবর্তনের কারণে তিনি সেই দায়িত্বে আর বহাল থাকতে পারেননি।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। আগামী সেপ্টেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top