৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নির্দিষ্ট ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘পাবলিক’ রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিনিধি:

নির্দিষ্ট শ্রেণির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

শুক্রবার (৫ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই, পরিচয় নিশ্চিতকরণ এবং নিরাপত্তা মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে নতুন এই নিয়ম সব অনভিবাসী ভিসা আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ভিসা ক্যাটাগরির আবেদনকারী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনার আওতায় থাকা ভিসাগুলোর মধ্যে রয়েছে— এ-৩ ও সি-৩ (গৃহকর্মী আবেদনকারীদের ক্ষেত্রে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের নির্ভরশীল এইচ-৪ ভিসা। এছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসা আবেদনকারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনার মাধ্যমে আবেদনকারীদের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল করা হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের দূতাবাসের প্রকাশিত অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top