৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

‘ঢাকা আর বাসযোগ্য নেই, অন্য শহরে গিয়ে থাকতে চাই’ — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার বায়ু, পানি ও পরিবেশদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীকে এখন আর বাসযোগ্য মনে হয় না। এমন পরিস্থিতিতে তিনি নিজেও ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে বসবাসের কথা ভাবছেন।

শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও সাধারণ মানুষ কতটুকু সুফল পাচ্ছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। তিনি বলেন, কার্যকর পরিকল্পনা, জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তন ছাড়া একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয়, আমি আর ঢাকা শহরে থাকব না। দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করব। কারণ এই শহর এখন আর বাসযোগ্য বলে মনে হয় না।”

রাজধানীর পরিবেশগত অবনতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ঘর থেকে বের হলেই মানুষ দূষিত বাতাস গ্রহণ করছে। সরকারি হাসপাতালগুলোর অবস্থাও উদ্বেগজনক। তার মতে, বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে, যা দেশের উন্নয়ন ও নাগরিক সেবার জন্য বড় বাধা।

ফখরুল বলেন, “প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারলে এবং বিদ্যমান সংকট থেকে বের হতে না পারলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। মানুষ কি সত্যিই মুক্ত ও বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে—সেটিই এখন বড় প্রশ্ন।”

তিনি বাসযোগ্য শহর গড়ে তুলতে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নীতিনির্ধারক ও নগর পরিচালনায় দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, শুধু নাগরিকদের সচেতন করলেই চলবে না; উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদেরও দায়িত্বশীল হতে হবে।

স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশন একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের উন্নত নগরগুলো নির্বাচিত মেয়র ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই দেশপ্রেম, দায়বদ্ধতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে নগর পরিচালনায় কাজ করার আহ্বান জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top