১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

২০২৮ সালের পাঠ্যবইয়ে যুক্ত হবে শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও বীরত্বগাথা

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটি ২০২৮ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, আত্মত্যাগ এবং তার মৃত্যুর পরবর্তী ঘটনাপ্রবাহ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন শিক্ষাক্রমের আওতায় পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক রচনার আলোকে নতুন পাঠ সংযোজনের বিষয়েও আলোচনা হয়েছে।

একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী শরিফ ওসমান হাদির অবদান শিক্ষার্থীদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে তার জীবন ও সংগ্রামকে পাঠ্যসূচির অংশ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের বাংলা বইয়ে বিভিন্ন ঐতিহাসিক ও আন্দোলনের ব্যক্তিত্বদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শরিফ ওসমান হাদির জীবনকাহিনী অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। পরবর্তীতে ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতে পাঠ্যবইয়ে বিভিন্ন সংশোধন আনা হয়। বর্তমানে সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঝালকাঠির নলছিটির বাসিন্দা শরিফ ওসমান হাদি একটি মাদ্রাসা শিক্ষিত পরিবারে বেড়ে ওঠেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

গত বছরের ডিসেম্বর মাসে রাজধানীতে সশস্ত্র হামলার শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে নির্বাচনে অংশগ্রহণের আগেই হামলার ঘটনায় প্রাণ হারান এই তরুণ নেতা।

শিক্ষাবিদদের মতে, নতুন প্রজন্মকে সমসাময়িক ইতিহাস ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক আন্দোলনের সঙ্গে পরিচিত করতে পাঠ্যক্রমে এ ধরনের বিষয় অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top