১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাজেটের পরও রাজধানীর বাজারে দামের বড় পরিবর্তন নেই

নিজস্ব প্রতিনিধি:

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণার একদিন পরও রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবসায়ী ও ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ পণ্যের দাম আগের অবস্থানেই রয়েছে এবং বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি পাল্লা (৫ কেজি) আলু ১০০ টাকায় এবং পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারে পেঁপে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা এবং সাদা বেগুন ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ৭০ থেকে ৭৫ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, কুমড়া ৪০ থেকে ৫০ টাকা এবং লেবুর হালি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও স্থিতিশীলতা দেখা গেছে। ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫ থেকে ১৩০ টাকা এবং হাঁসের ডিম ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৬০০ টাকা এবং শিং মাছ ৩৫০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আকারভেদে চিংড়ি মাছের দাম প্রতি কেজি ৭৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত রয়েছে।

অন্যদিকে মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতা জানান, বাজেট ঘোষণার পর বাজারে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখা যায়নি। অধিকাংশ পণ্যের দাম আগের মতোই রয়েছে।

ব্যবসায়ীদের মতে, বাজেটে কর ও শুল্ক সংক্রান্ত যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তব প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে। তারা বলছেন, সাধারণত বাজেটের আগে সরবরাহ সংকট বা মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেলেও এবার সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বাজেটের প্রভাব খুচরা বাজারে দৃশ্যমান হতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। তাই আগামী দিনগুলোতে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেই প্রকৃত প্রভাব মূল্যায়ন করা সম্ভব হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top