নিজস্ব প্রতিনিধি:
একদিনের সরকারি সফরে শনিবার (১২ জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।
পরে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সফরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে।
এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রামের পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
জনসভা শেষে কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১০টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।