নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মুজিবুর রহমান (২২)। তিনি দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত অজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে এলাকায় ভারী বৃষ্টিপাত চলছিল। এ সময় কয়েকজন ব্যক্তি সীমান্তসংলগ্ন এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। গুলির ঘটনায় অন্যরা নিরাপদে ফিরে এলেও মুজিবুর রহমান আর ফিরে আসেননি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার চেষ্টা করছেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছে।
এদিকে শরীফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান দাবি করেছেন, গুলিবিদ্ধ হওয়ার পর মুজিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সীমান্ত এলাকার বিজিবি সূত্র জানিয়েছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মুজিবুর রহমানকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে। তবে তিনি জীবিত নাকি মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ ও আহত যুবকের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।