নিজস্ব প্রতিনিধি:
একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন এবং স্থানীয় জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। একই সফরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে।
এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে পেকুয়ায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
দিনের শেষভাগে কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাত ১০টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।