১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৃষি ভর্তুকি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুতি সভা, প্রকৃত কৃষকের তালিকা যাচাইয়ে ইউএনওর নির্দেশনা

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ঘোষিত সরকারি সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মধ্যনগর উপজেলায় এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই-বাছাইয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সঞ্চয় ঘোষ।
সোমবার (১৫ জুন) দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার চার ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়াসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সঞ্চয় ঘোষ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরাই যেন সরকারের সহায়তা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তালিকা প্রণয়নে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব বা অনিয়ম যেন না হয়। কৃষকের প্রকৃত ক্ষয়ক্ষতির ভিত্তিতেই তালিকা চূড়ান্ত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো। তাই তালিকা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এ প্রবল বর্ষণ ও বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে নগদ সহায়তা এবং ১৫ কেজি চাল প্রদান করা হবে।
সুনামগঞ্জ জেলায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৫৫৯ জন। যাচাই-বাছাই শেষে ৬৪ হাজার ৩৮৪ জন কৃষকের নাম অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এসব কৃষক আগামী তিন মাস ধরে সরকারি এ সহায়তা পাবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তা কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তালিকা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। প্রশাসনের আশা, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে দ্রুত ও নির্ভুলভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top