নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি জানান, নির্বাচনের সময়সূচি ও বাস্তবায়ন মূলত বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। এ ধরনের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং সেই ব্যয় মেটানোর জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে নির্বাচন সম্পন্ন করে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার উদ্যোগ নেওয়া হবে।