নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (১৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর মামলায় হত্যা ধারা যুক্ত করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এ ঘটনায় তদন্ত শেষে গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন।
আদালত ওই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে দায়িত্ব দেয়।
ডিবির চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন, আর বাকি ৬ জন এখনও পলাতক বলে জানা গেছে।