১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পরীমনি ইস্যুতে শাস্তি, সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এখন এটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সে সময় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে দায়ের করা একটি আলোচিত মামলার তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন। পরে পরীমনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে এলে তাকে তদন্ত সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিবিতে কর্মরত অবস্থায় পরীমনির সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। মোবাইল ফোনের কল রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন, ফরেনসিক বিশ্লেষণ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, নির্দিষ্ট সময়কালে তারা একাধিকবার একসঙ্গে সময় কাটিয়েছেন। এমনকি সাকলায়েনের সরকারি বাসভবনেও পরীমনির দীর্ঘ সময় অবস্থানের তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তার আচরণ সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ায় পুলিশ বাহিনী ও সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ডের সুপারিশ করা হয়। তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতামত নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন চূড়ান্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top