নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরকালে তিনি তৃতীয় ধাপে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি মির্জাপুর ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতপথের দেয়ালগুলোতে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত আলপনা আঁকা হয়েছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে স্বাগত মিছিলও আয়োজন করেছেন।
অনুষ্ঠানস্থল ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেন, সংসদ সদস্য নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানও বিতরণ করা হবে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষাবৃত্তি, চা-শ্রমিকদের আবাসন নির্মাণ এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ অনুদান প্রদান করা হবে। এ কর্মসূচির আওতায় শতাধিক ব্যক্তি আর্থিক সহায়তা পাবেন।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শ্রীমঙ্গলের মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।