নিজস্ব প্রতিনিধি:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিবির গুলশান বিভাগে দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বের বাইরে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।
সরকারি নথি অনুযায়ী, বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এ ঘটনায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ব্যক্তিগত শুনানির সুযোগও দেওয়া হয়।
তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেওয়া হয়।
পরবর্তীতে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ প্রদান, তার জবাব পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের জন্য পাঠানো হয়। পিএসসিও তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর প্রদানের পক্ষে মত দেয়।
সবশেষে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রমাণিত অসদাচরণের অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়েছে।