মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত একটি নৃশংস হামলা। কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসান ডাকাতদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ও ডাকাত তার ওপর হামলা চালায়। হামলার সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং এতে একজন নারীসহ মোট ৬ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সাকিব আল হাসান একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনে তিনি সাধারণ মানুষের সমস্যা সমাধান, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার মানবিক আচরণ ও দায়িত্বশীল কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত।

কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, যিনি প্রতিদিন মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সেই মানুষটিকেই আজ সন্ত্রাসী ও ডাকাতদের হামলার শিকার হতে হয়েছে। এই ঘটনা শুধু একজন কর্মকর্তার ওপর হামলা নয়, এটি সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সচেতন মহলের দাবি, এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সরকারি কর্মকর্তা যদি নিজ এলাকায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকেই যায়। তাই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মনে করেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।
আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং আহত সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসানসহ সকল আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করি। একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।