২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কূপে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো নৃ-গোষ্ঠীর বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে টেলকি গ্রামের বাসিন্দা বাবুল হাদিমার একটি ছাগলছানা বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। প্রাণীটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে বাবুলের ছেলে নেইমার ম্রং। কিছুক্ষণ পরও তার কোনো সাড়া না পেয়ে বাবুল হাদিমা কূপে নামেন।

পরবর্তীতে তাদের খোঁজ নিতে একে একে আরও দুজন—গাব্রিয়াল ও রতন নকরেক—কূপে নামেন। কিন্তু তারাও আর ওপরে ফিরে আসেননি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেনের ব্যবস্থা করে এক উদ্ধারকর্মীকে কূপে নামানো হয়। পরে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), স্থানীয় জামাতা গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কূপের ভেতরে অক্সিজেনের ঘাটতি বা বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে তারা অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top