মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর লোকোশেড এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন শেখ (৪১) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ী।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর লোকোশেড এলাকায় শাহিন শেখের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন শেখ বিনোদপুর লোকোশেড এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।