মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পক্ষে নন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে সমর্থন করবেন না। ইসরায়েলি ভূখণ্ডে ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে সেটা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হয় তবে তার পক্ষে নন বাইডেন।

গত মঙ্গলবার ইসরায়েলে হামলা চালায় ইরান। এর পর থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে ইরান বলছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশানকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে।

এছাড়া লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের কারণেও ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, তারা সীমান্তবর্তী গ্রামগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘সন্ত্রাসী স্থাপনায়’ অভিযান চালাচ্ছে।

সহিংসতা বন্ধে বার বার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বিশেষ করে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও এই প্রচেষ্টার কোনো ফলাফল এখনও চোখে পড়েনি এবং সংঘাত বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

গাজায় এক বছর ধরে অভিযানের নামে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই লেবাননেও গাজার মতো আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে তারা। ফলে পুরো মধ্যপ্রাচ্যেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top