সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানা থেকে ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারী জেলেসহ মোট ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। অপহরণের পর তাদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল দস্যুরা, এবং মুক্তিপণ হিসেবে জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করেছিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সুন্দরবনের পশ্চিম বিভাগের করকরি নদীর মাল্লাখালী এলাকায় করিম শরীফ বাহিনীর অবস্থান এবং জেলেদের অপহরণের গোপন খবর পেয়ে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্ট গার্ড অভিযানে নামে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছুড়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬ নারীসহ ৩৩ জন জেলে এবং ১৬টি নৌকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, তারা বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেখান থেকেই দস্যুরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জেলেদের ধরে এনে মুক্তিপণের জন্য জিম্মি করে।

উদ্ধারকৃতদের কয়রার কোস্ট গার্ড স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। তারা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বর্তমানে নৌকাসহ তাদের পরিবারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top