খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার কুমড়াডাঙ্গা এলাকায় স্থানীয় গ্রামবাসী মাদক সেবনের সময় তিনজনকে আটক করেন। পরে তারা ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচার শেষে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মো. গোলাম রসুল (২২), পিতা: মৃত ফজলুল হক, গ্রাম: পার-ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া, পাবনা।
২. মো. কিতাবুল ইসলাম (৪০), পিতা: আবু বক্কর সিদ্দিক, গ্রাম: সজনাই, চাটমোহর, পাবনা।
৩. মো. নয়ন (২৭), পিতা: আব্বাস প্রামাণিক, গ্রাম: খেতাভাগা, ফরিদপুর, পাবনা।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।