জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক:

জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান বলেছে, ভারতের দাবি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অবৈধ ও বাতিলযোগ্য’।

শুক্রবার (১৮ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান বলেন, “ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরকে ‘ইউনিয়ন টেরিটরি’ হিসেবে ঘোষণা করার কোনো আইনি ভিত্তি নেই।”

তিনি আরও বলেন, “জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিবাদিত অঞ্চল। এই অঞ্চলের চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছার ভিত্তিতে।”

এক প্রশ্নের জবাবে শাফকত খান বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে পাকিস্তান নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা ইসলামাবাদ গভীরভাবে লক্ষ্য করেছে। তিনি বলেন, “ভারতের নেতৃত্ব ধারাবাহিকভাবে পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ আলোচনায় জড়িয়ে রাখছে—এটি দুঃখজনক এবং তাদের সীমাহীন আসক্তির প্রতিচ্ছবি।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্য, যেখানে তিনি পাকিস্তান নিয়ে ‘মূল্যবান সময় নষ্ট করতে চান না’—তাকে কটাক্ষ করে শাফকত খান বলেন, “এই মন্তব্যটাই আসলে সবচেয়ে বড় বিদ্রূপ।”

তিনি ভারতের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানকে ‘অবিরাম কুৎসা প্রচার’ হিসেবে অভিহিত করে বলেন, “সন্ত্রাসবাদের শিকার হওয়ার যে গল্প ভারত ছড়াচ্ছে, তা তাদের নিজেদের মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতে পারবে না।”

মুখপাত্র ভারতকে ভিত্তিহীন দাবি বন্ধ করে ৭৭ বছর ধরে চলা ‘বলপ্রয়োগমূলক দখল’ অবসানের আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top