আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এর দাম নেমে এসেছিল ৭০ দশমিক ১৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (WTI) অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।
জ্বালানি বিশ্লেষক এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি বলেন, বর্তমান সংঘাত দীর্ঘায়িত হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তার মতে, ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা বাজারে অতিরিক্ত ঝুঁকির মূল্য যোগ করছেন।
তিনি আরও বলেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো—সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়া বা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া। এমন পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ওমিদ শোকরির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা যতদিন থাকবে, ততদিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই থাকবে।
তিনি বলেন, পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে। শেষ পর্যন্ত তেলের মূল্য কতদিন উচ্চ থাকবে, তা মূলত জ্বালানি সরবরাহ কতটা ব্যাহত হয় তার ওপর নির্ভর করবে।