ভুল সংবাদে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল প্রধান উপদেষ্টার দপ্তর

নিজস্ব প্রতিনিধি: 

ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, “যারা এখন থেকে মিথ্যা, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করবেন—যার ফলে জনগণ বিভ্রান্ত হতে পারে—তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সম্প্রতি মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত একটি সংবাদকে “ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট” বলে উল্লেখ করে তিনি বলেন, “যেসব গণমাধ্যম এ ভুল সংবাদ প্রচার করেছে, আমরা আশা করি তারা তাদের ভুল সংশোধন করবেন এবং একই স্থানে সংশোধনী প্রকাশ করে পাঠকের কাছে দুঃখ প্রকাশ করবেন।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তবে কারও কাছে ভুল তথ্য প্রচারের লাইসেন্স নেই। সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণে আহ্বান জানাচ্ছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top