রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হাওয়াই-আলাস্কায় সুনামি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি:

রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে বুধবার ভোররাতে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরতায় কেন্দ্রীভূত ছিল। এই ভূমিকম্পকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ।

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। জাপানের আবহাওয়া সংস্থাও এক মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের সম্ভাবনা থাকায় দেশটিতে সুনামি পরামর্শ জারি করেছে।

কামচাটস্কি গভর্নর টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সখালিন অঞ্চলের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো সুনামির হুমকির কথা বিবেচনা করে উপদ্বীপের দক্ষিণাঞ্চলের ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাশিয়ার একই অঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ইউএসজিএস এর আগে জানিয়েছিল, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার রেকর্ড রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top