১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ট্রাম্প-পুতিন বৈঠক শেষ: ‘অগ্রগতি হয়েছে, কিন্তু চুক্তি হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কার অ্যাঙ্করেজে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, “পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে।” তবে তিনি স্পষ্ট করেন যে এখনো কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করা হবে।

রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি যুদ্ধ বন্ধে আন্তরিকভাবে আগ্রহী। পুতিন বলেন, “একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে।” তবে তিনি এই ‘মূল কারণগুলো’ কী তা বিস্তারিতভাবে উল্লেখ করেননি।

পুতিন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী। তবে তিনি এটাও বুঝেছেন, রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে।” রুশ প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন যে ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন।

বৈঠকে ট্রাম্পের পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। রুশ প্রতিনিধিদলের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের মুখপাত্র ইউরি উশাকভ।

এই বৈঠককে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেন সংকটের সম্ভাব্য সমাধানের পথ হিসেবে দেখছে, যদিও এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি বলে উভয় নেতাই জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top