১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাপলা প্রতীক পাবে না জাতীয় নাগরিক পার্টি: ইসি সচিব

নিজস্ব প্রতিনিধি:

তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতীক হিসেবে শাপলার দাবি জানালেও সেটি অনুমোদিত প্রতীকের তালিকায় না থাকায় তারা এই প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, শাপলা প্রতীক ছাড়াই প্রতীকের তালিকা চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিবন্ধন পাওয়ার পর এনসিপিকে নির্ধারিত তালিকা থেকেই নতুন প্রতীক বেছে নিতে হবে। তালিকায় শাপলা প্রতীক না থাকায় তাদের বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।

ইসি সচিব জানান, মোট ১১৫টি প্রতীক নিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ভেটিং প্রক্রিয়া শেষে আচরণবিধি ও প্রতীকের তালিকা অনুমোদিত হয়েছে। এর মধ্যে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে অন্য প্রতীক গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এনসিপি ইতোমধ্যে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চাইতে আবেদন করেছে। তবে তালিকায় এসব প্রতীক না থাকায় তাদের বিকল্প প্রস্তাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে ইসি ও দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে নথিপত্র পর্যালোচনা চলছে। প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top