নিজস্ব প্রতিনিধি:
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এই আমানত বেড়ে প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এসএনবির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। আগের বছর ২০২৪ সালে এই পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। ফলে এক বছরের ব্যবধানে আমানতে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি সুইস ফ্রাঁর মূল্য প্রায় ১৫২ থেকে ১৫৩ টাকা। সেই হিসাবে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকায় পৌঁছেছে।
ব্যাংকগুলোর জমাতেই বড় উল্লম্ফন
এসএনবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমানত বৃদ্ধির প্রধান উৎস বাংলাদেশি ব্যাংকগুলোর জমা রাখা অর্থ। ২০২৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮২২ দশমিক ৭ মিলিয়ন সুইস ফ্রাঁ, যা আগের বছরের ৫৭৬ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁর তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি।
এর ফলে সুইস ব্যাংকে থাকা মোট বাংলাদেশি আমানতের প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশই এখন ব্যাংকগুলোর নামে সংরক্ষিত। ২০২৪ সালে এ হার ছিল ৯৭ দশমিক ৮ শতাংশ।
তথ্য অনুযায়ী, কয়েক বছর আগেও পরিস্থিতি ভিন্ন ছিল। ২০২৩ সালে মোট আমানতের মাত্র ২০ শতাংশ এবং ২০২১ সালে ৩৫ শতাংশ ব্যাংকগুলোর নামে ছিল।
কমেছে ব্যক্তিগত আমানত
অন্যদিকে ব্যক্তিগত হিসাবের মাধ্যমে জমা রাখা অর্থের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা আমানত ১২ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ব্যাংকগুলোর আন্তর্জাতিক লেনদেন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কারণেই সুইস ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানত বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।