১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৩ হাজারের বেশি জুলাইযোদ্ধা পাচ্ছেন মাসিক সম্মানি ভাতা

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের জন্য মাসিক সম্মানি ভাতা, চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাইযোদ্ধাদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাইযোদ্ধা বর্তমানে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে নিয়মিত মাসিক সম্মানি ভাতা পাচ্ছেন।

মন্ত্রী জানান, শ্রেণিভেদে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ক-শ্রেণির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, খ-শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং গ-শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে সম্মানি ভাতা পাচ্ছেন। বাকি গেজেটভুক্তদের ভাতা প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে।

সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সরকার দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আহত জুলাইযোদ্ধাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ১৫২ জন গুরুতর আহত যোদ্ধাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়াসহ বিভিন্ন দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৫০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ৩ হাজার ২৪১ জনের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৩৭ জনের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান এবং পুনর্বাসন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top