নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা সরবরাহের দাবি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধও জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, সংসদ সদস্যদের জন্য মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার দাবি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিষয়টি সংসদের ভাবমূর্তিকেও প্রভাবিত করেছে।
তিনি বলেন, এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে এবং গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়েছে। তাই তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেন।
পার্থ আরও বলেন, প্রধানমন্ত্রী চাইলে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্দার ব্যবস্থা করতে পারেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যের প্রয়োজন পূরণ হবে এবং সংসদও অপ্রয়োজনীয় বিতর্ক থেকে মুক্ত থাকবে।
তবে তার বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ ধরনের মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সদস্য ব্যক্তিগত প্রয়োজনে কিছু চাননি; বরং সংসদ সদস্যদের আবাসিক সুবিধার বিষয়টি তুলে ধরেছেন। কারও সম্মানে আঘাত না করার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও মন্তব্য করেন। তিনি বলেন, আলোচিত দাবি সংসদের স্থায়ী কমিটিতে আলোচনা করা যেত, তবে এটি কোনো গুরুতর অপরাধ নয়। সংসদ সদস্যদের আবাসনসংক্রান্ত নানা সুবিধা নিয়ে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে।
স্পিকার আরও বলেন, বিষয়টি অতিরিক্ত বিতর্কের জন্ম দিলে সংসদের বাইরে ভুল বার্তা যেতে পারে। তাই এ নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা না বাড়ানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগের দিন বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা সরবরাহের প্রস্তাব দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।