২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘যেমন খুশি তেমন সাজে’ লালগালিচায় বাকৃবিতে বিড়াল: লালগালিচায় বাকৃবিতে বিড়ালের র‍্যাম্প শো

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বিশ্ব পোষা প্রাণী দিবসের অবসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের উল্লাসময় মিলন এবং বর্ণাঢ্য ‘ক্যাট শো’ উদযাপিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে‘পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এতে ‘যেমন খুশি তেমন সাজো’, প্রদর্শনী ও র‍্যাম্প শোতে অংশ নেয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য বিড়াল। পোষা বিড়ালগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিড়ালের প্রতি মমত্ববোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিড়ালের র‍্যাম্প শো এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এছাড়াও বিড়ালের সাধারণ রোগব্যাধি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা বিড়ালকে ‘ক্যাট অফ দ্য শো’ ঘোষণা করা হয় এবং দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র।
শোতে অংশগ্রহণকারী বিড়ালদের জন্য ছিল বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা। প্রতিটি বিড়ালের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেকআপ) এবং বিনামূল্যে ভ্যাকসিনেশনের সুবিধা প্রদান করা হয়। এছাড়াও নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, বিড়ালের নেক বেল্ট ও স্ন্যাকসের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানের সভাপতি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও একজন প্রাণীপ্রেমী মানুষ, তাঁর জেবু বিড়ালকে সবাইকে চেনেন। এই প্রাণীর প্রতি মমত্ববোধ মানুষের মানবিক গুণাবলির বহিঃপ্রকাশ। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করার পাশাপাশি প্রাণিকল্যাণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি প্রতিবছর ‘পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে বাকৃবির সবুজ চত্বরে পোষা প্রাণী দিবস উৎসবের সাথে পালিত হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোষা প্রাণীর পৃষ্ঠপোষক হিসেবে যে আন্তরিকতা দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি এ ধরনের আয়োজন নিয়মিত হবে। যারা বিড়ালপ্রেমী আছেন, তারা যেন প্রাণীর সঠিক যত্নে বৈজ্ঞানিক গাইডলাইন এবং পরামর্শগুলো মেনে চলেন। এতে করে পরিবারে একটি সুন্দর ও বিনোদনময় পরিবেশ বজায় থাকবে এবং মানুষের সঙ্গে প্রাণীর ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top