১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুদ্ধ ও স্বৈরশাসনের বিরুদ্ধে পোপ লিওর কড়া বার্তা, বিশ্বনেতাদের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

ক্যাথলিক চার্চের নতুন প্রধান পোপ লিও দায়িত্ব নেওয়ার প্রথম বছরে তুলনামূলক নীরব থাকলেও সম্প্রতি আন্তর্জাতিক যুদ্ধ ও সংঘাত ইস্যুতে সরব হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী সামরিক অভিযানের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে তিনি বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, আফ্রিকার দেশ ক্যামেরুন সফরে দেওয়া এক বক্তব্যে পোপ লিও বলেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে বিশ্ব ধ্বংসের মুখে এগোচ্ছে। তিনি অভিযোগ করেন, মানবিক উন্নয়ন, শিক্ষা ও পুনর্গঠনের বদলে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও অস্ত্র প্রতিযোগিতায়।

তিনি আরও বলেন, যুদ্ধকে সমর্থন দিতে ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। যারা ধর্মীয় ভাষা ব্যবহার করে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তারা পবিত্রতাকে অপব্যবহার করছে।

পোপের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে একাধিক সমালোচনামূলক পোস্ট দিয়েছেন। ট্রাম্প তাকে ‘পররাষ্ট্রনীতিতে ব্যর্থ’ বলেও মন্তব্য করেন।

ক্যামেরুন সফরে পোপ লিও দেশটির ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া-কে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রকে ধনী ও ক্ষমতাবান গোষ্ঠীর প্রভাবমুক্ত করতে হবে।

পরে তিনি পশ্চিমাঞ্চলীয় শহর বানমেন্ডা সফর করেন, যেখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সংঘাত চলছে। ২০১৭ সাল থেকে চলমান এ সহিংসতায় ছয় হাজারের বেশি মানুষ নিহত এবং পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।

পোপ লিও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সংঘাত এখনো ধর্মীয় যুদ্ধে রূপ নেয়নি এবং খ্রিষ্টান ও মুসলিম নেতাদের যৌথ প্রচেষ্টায় শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top