২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে নতুন যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে পেতে রাখা জলমাইন অপসারণে ‘লিটোরাল কমব্যাট শিপ’ নামের আধুনিক যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাধারণত মার্কিন নৌবাহিনী মাইন অপসারণে মানবচালিত মাইন-সুইপিং জাহাজ ব্যবহার করে। এসব জাহাজে থাকা সোনার প্রযুক্তির মাধ্যমে পানির নিচে পেতে রাখা মাইন শনাক্ত করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়। তবে এই পদ্ধতিতে নৌসেনাদের সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে হয়।

নতুন ‘লিটোরাল কমব্যাট শিপ’-এ সেই ঝুঁকি অনেক কম। হালকা ধরনের এই যুদ্ধজাহাজটি রিমোট-কন্ট্রোল প্রযুক্তিনির্ভর রোবটের মাধ্যমে পরিচালিত হয়। মাইন শনাক্ত করা থেকে ধ্বংস পর্যন্ত পুরো কাজই রোবট সম্পন্ন করে। ফলে সেনাদের দূর থেকে নিয়ন্ত্রণ করলেই চলে।

মার্কিন নৌবাহিনীর বহরে বর্তমানে এ ধরনের তিনটি জাহাজ রয়েছে। তবে এখন কার্যকর অবস্থায় আছে একটি। বাকি দুটি মেরামতের জন্য সিঙ্গাপুর-এ নেওয়া হয়েছে। মেরামত শেষে সেগুলোও বহরে যুক্ত হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-বিরোধী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে জলমাইন পাতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, অন্তত এক ডজন মাইন পাতা হয়েছিল।

তবে কোন স্থানে মাইন বসানো হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মাইন অপসারণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top