বাংলাদেশ পুলিশের পোশাকে আসছে পরিবর্তন, নতুন রঙের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের নকশা ও বিধিমালায় পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে নতুন পোশাকের নমুনাও সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগে শার্টের রঙ লোহার মতো ধূসর এবং প্যান্টের রঙ কফি নির্ধারণ করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে এই রঙ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও নেতিবাচক আলোচনা শুরু হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন করে রঙ নির্বাচন প্রক্রিয়া শুরু করেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, দেশের সব মেট্রোপলিটন পুলিশ-এর শার্টের রঙ হবে হালকা অলিভ বা জলপাই। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব বাদে পুলিশের অন্যান্য ইউনিটের শার্ট হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে খাকি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না। নিয়মিত বরাদ্দ ও সরবরাহ ব্যবস্থার মধ্যেই এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হবে।

এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাক চালুর অনুরোধ জানানো হয়েছে। বাহিনীর সদস্যদের সন্তুষ্টি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top