নিজস্ব প্রতিনিধি:
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১২টি নতুন স্টেশন স্থাপন করা হবে এবং ৮টি পুরোনো স্টেশন পুনর্নির্মাণ করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একাধিক প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০টি (১২টি নতুন ও ৮টি পুনর্নির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ প্রকল্পের আওতায় গাজীপুর সদর উপজেলার পূবাইল ফায়ার স্টেশনের জন্য দক্ষিণখান মৌজায় মোট ১ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং দুই পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের জন্য ১২ দশমিক ১৪৭১ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চতুর্থ পর্যায়ে (২৪ কিলোমিটার) ঢাকা জেলার উত্তরা ও সাভার উপজেলার ১৪টি মৌজায় মোট ১৩ দশমিক ৪৪৪৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জরুরি সেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।