২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন-এ পুলিশের ওপর হামলা চালিয়ে কবির খান (৫৩) নামে এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন-এর চর সালেপুর মুন্সির চর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকৃত আসামি কবির খান চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর চর হরিরামপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে পরিচিত এবং চরাঞ্চলে ভূমিদস্যু হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল মুন্সির চর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় তার বড় ভাই সূর্য খান পুলিশের কাজে বাধা দেন।

এ সময় হঠাৎ করে কবির খানের ১০ থেকে ১৫ জন স্বজন ও অনুসারী ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থাতেই কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাতসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, পলাতক আসামি কবির খানকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top