নিজস্ব প্রতিনিধি:
দেশে সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে থাকা মজুত দিয়ে আগামী ছয় মাস টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।
বুধবার দুপুরে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতাল-এ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি-এর লেকচার হলে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে ‘চায়না-বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন তিনি।
মন্ত্রী বলেন, যক্ষ্মা, বিসিজিসহ মোট নয় ধরনের টিকার পর্যাপ্ত সরবরাহ বর্তমানে হাতে রয়েছে। এছাড়া আরও টিকা সরবরাহের প্রক্রিয়াও চলমান আছে।
তিনি অভিযোগ করে বলেন, ২০২০ সালের পর পূর্ববর্তী সরকারগুলো নিয়মিত টিকা সরবরাহে ব্যর্থ হওয়ায় হাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাম প্রতিরোধী টিকার মজুত না থাকলেও দ্রুত ব্যবস্থা নিয়ে গ্যাভি ও ইউনিসেফ-এর সহায়তায় নতুন টিকা সংগ্রহ করে দেশজুড়ে টিকাদান শুরু করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে সরকার শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তায় ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় সহযোগিতা করে আসছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলেই এই নতুন সমঝোতা সম্ভব হয়েছে।