৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের জন্য উপযুক্ত নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের ভবনটি চিকিৎসাসেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে না এবং এটি হাসপাতাল পরিচালনার উপযোগী নয়।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, তদন্ত কমিটি হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করে দেখতে পেয়েছে যে, দীর্ঘ সময় ধরে কক্ষটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং সেখানে স্বাভাবিক বায়ু চলাচলের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে কক্ষে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের দায়িত্বরত নার্সদের দায়িত্ব পালনে চরম অবহেলা ও অসহযোগিতার বিষয়টি তদন্তে উঠে এসেছে। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তারাও হাসপাতাল পরিচালনার মৌলিক শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, তদন্তে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতি, নার্সদের অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মন্ত্রী জানান, পোস্ট-অপারেটিভ ওয়ার্ড নম্বর-২ এর আয়তন প্রায় ৯০০ বর্গফুট হলেও সেখানে রোগী, নবজাতক ও স্বজন মিলিয়ে প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যা কক্ষটির ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। এছাড়া রোগীদের পর্যবেক্ষণের জন্য কোনো চিকিৎসক সেখানে দায়িত্বে ছিলেন না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণও ছিল না।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোববারের মধ্যে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

সাখাওয়াত হোসেন বলেন, ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। তদন্তের জন্য তিন দিনের সময় দিয়ে কমিটি গঠন করা হয়েছিল এবং নির্ধারিত সময়েই তারা প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো হাসপাতাল মানুষের জীবন নিয়ে এমন অবহেলা করতে না পারে, সে জন্য কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের জীবন নিয়ে খেলা করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। আইনে যতটুকু কঠোর হওয়ার সুযোগ রয়েছে, তার সর্বোচ্চ প্রয়োগ করা হবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top