৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (০৬ জুন) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

র‌্যালি শেষে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার এবং জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লল কুমার বসুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় সকলকে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top